যাত্রীদের সুবিধা বাড়াতে আজ রবিবার (৭ জুন) থেকে মেট্রো রেলের চলাচলের সময় দুই প্রান্তেই ২০ মিনিট করে বাড়ানো হচ্ছে। নতুন সূচিতে মতিঝিল থেকে উত্তরাগামী শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে। আর উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে।
আগে মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়ত রাত ১০টা ১০ মিনিটে। উত্তরার দিক থেকে শেষ ট্রেন ছিল রাত সাড়ে ৯টায়। নতুন সময় কার্যকর হওয়ায় রাতে ঘরে ফেরা যাত্রীরা বাড়তি সুবিধা পাবেন।
মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ডিএমটিসিএল জানিয়েছে, রাতের সেবা বাড়াতে গত এক মাস ধরে পরীক্ষা চালানো হয়। এরপরই নতুন সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।
প্রাথমিকভাবে বাড়তি ২০ মিনিটে দুই দিকেই একটি করে অতিরিক্ত ট্রিপ চলবে। কর্তৃপক্ষ বলছে, যাত্রী চাহিদা ও পরিচালন সক্ষমতা দেখে ভবিষ্যতে সময় আরও বাড়ানোর পরিকল্পনা আছে।
বর্তমানে প্রতিদিন ২৯৭টি ট্রিপ চলছে। নতুন সূচির কারণে ট্রিপের সংখ্যাও কিছুটা বাড়বে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে সীমিত পরিসরে মেট্রোরেলের যাত্রা শুরু হয়। পরে ধাপে ধাপে নতুন স্টেশন চালু করে সেবার পরিধি বাড়ানো হয়েছে।