বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ১০টায় ভোট শুরুর কথা থাকলেও প্রায় ৪০ মিনিট পর প্রথম ভোট পড়ে।

নির্বাচন ঘিরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। পুলিশ ও র‍্যাব সদস্যরা স্টেডিয়ামের সামনের রাস্তাসহ আশপাশে অবস্থান নিয়েছেন। মিরপুর-২ শপিং কমপ্লেক্স, বাংলা স্কুলের সামনে এবং প্রশিকার দিকের রাস্তা বন্ধ রাখা হয়েছে।

সাংবাদিক, বিসিবি ও নির্বাচন সংশ্লিষ্টরা ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

এবারের নির্বাচনে জেলা ও বিভাগ ক্যাটাগরিতে শুধু খুলনা ও বরিশাল বিভাগে ভোট হচ্ছে। খুলনা বিভাগে ২টি পরিচালক পদের জন্য লড়ছেন ৩ জন। বরিশালে একটি পদের বিপরীতে প্রার্থী ২ জন।

ক্যাটাগরি-৩, অর্থাৎ ক্রিকেটার, জাতীয় দলের অধিনায়ক, সার্ভিসেস ও ইউনিভার্সিটি কোটায় ভোট হচ্ছে না। এই ক্যাটাগরি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর ও সাবেক বিসিবি পরিচালক সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মূল লড়াই হচ্ছে ক্যাটাগরি-২, ঢাকার ক্লাব কোটায়। এখানে ১২টি পরিচালক পদের জন্য ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭৬ জন ভোটার এই ১৬ জনের মধ্য থেকে ১২ জনকে বেছে নেবেন।