লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে।

শনিবার (৬ জুন) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ দুটি এসে পৌঁছায়।

নিহতরা হলেন সাতক্ষীরার শফিকুল ইসলাম (৪০) ও নাহিদুল ইসলাম নাহিদ (২২)। গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়ের জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় তারা প্রাণ হারান।

বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি দেশে পাঠানো হয়। বিমানবন্দরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। মরদেহ পরিবহনের খরচ সরকার বহন করেছে। পাশাপাশি নিহত দুই প্রবাসীর পরিবারকে মোট ১৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, লেবাননসহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার ও দূতাবাসগুলো কাজ করছে।

পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিশেষ অ্যাম্বুলেন্সে মরদেহ দুটি সাতক্ষীরায় পাঠানো হয়।