লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের দুই সেনা সদস্য নিহত হয়েছেন। পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর টাইমস অব ইসরায়েলের।

শনিবার (৬ জুন) রাতে আইডিএফ এ তথ্য নিশ্চিত করে। যুদ্ধবিরতি চুক্তির পরও সীমান্তে হামলা-পাল্টা হামলা চলছে।

নিহতদের একজন ক্যাপ্টেন শাহার গামলা (২৩)। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর ইগোজ ইউনিটের কমান্ডো ব্রিগেডের কমান্ডার ছিলেন। বৃহস্পতিবার (৪ জুন) হিজবুল্লাহর ড্রোন হামলায় গুরুতর আহত হন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

অন্যজন সার্জেন্ট ওহাদ ইয়ারি (২১)। গিভাতি ব্রিগেডের সাকেদ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন তিনি। শুক্রবার (৫ জুন) আলাদা ঘটনায় তার মৃত্যু হয়। আইডিএফের দাবি, দুর্ঘটনাজনিত গোলাগুলিতে তিনি মারা গেছেন। তবে সরাসরি হামলায় নাকি নিজেদের গুলিতে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঘটনা তদন্তে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে আইডিএফ।

এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর স্থল ও আকাশপথে হামলা অব্যাহত রয়েছে। আইডিএফের দাবি, শুধু গতকালই লেবাননের ভেতরে হিজবুল্লাহর দেড় শতাধিক সামরিক ও কৌশলগত অবকাঠামোয় রাতভর বিমান হামলা চালানো হয়েছে।

পাল্টা জবাবে হিজবুল্লাহও ইসরায়েলের উত্তর ও দক্ষিণাঞ্চলের সেনাঘাঁটি লক্ষ্য করে রকেট ও ড্রোন নিক্ষেপ করছে।