হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৩৭ হাজার ৪৩৫ জন হাজি দেশে ফিরেছেন। অন্যদিকে হজ করতে গিয়ে সৌদি আরবের বিভিন্ন স্থান ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪৮ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। বর্তমানে দেশটির বিভিন্ন হাসপাতালে আরও ২২ জন চিকিৎসাধীন আছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্ক থেকে প্রকাশিত সবশেষ দৈনিক বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, সৌদি থেকে মোট ৮৯টি ফিরতি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ হাজার ১০৭ জন ফিরেছেন।

ফিরতি যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৪ হাজার ৬০ জন, সৌদি এয়ারলাইনস ১৪ হাজার ২৪১ জন এবং ফ্লাইনাস ৭ হাজার ৭০০ জন হাজি এনেছে। ৮৯টি ফ্লাইটের মধ্যে বিমান ৩৪টি, সৌদি এয়ারলাইনস ৩৫টি ও ফ্লাইনাস ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।

এদিকে সৌদি আরবে মারা যাওয়া ৪৮ হাজির মধ্যে ৩২ জন পুরুষ ও ১৬ জন নারী। এলাকাভিত্তিক হিসেবে মক্কায় ৩৫ জন, মদিনায় ১২ জন ও জেদ্দায় একজন মারা গেছেন।

সৌদির বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত ৩৯৮ জন বাংলাদেশি হাজি প্রাথমিক ও জরুরি চিকিৎসা নিয়েছেন। এখনও ২২ জন ভর্তি আছেন।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনসহ মোট ৭৮ হাজার ৫০০ জনের হজের কোটা ছিল। গত ১৮ এপ্রিল প্রথম ফ্লাইট সৌদি যায়। শেষ ফ্লাইট ঢাকা ছাড়ে ২১ মে। এখন হাজিদের ফেরানোর কাজ চলছে পুরোদমে।