রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলার রায় আজ রবিবার (৭ জুন) ঘোষণা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ রায় দেবেন।
রায় উপলক্ষে সকালে প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়েছে। এখন তারা মহানগর হাজতখানায় আছেন। গত বৃহস্পতিবার যুক্তিতর্ক শেষে আদালত আজ রায়ের দিন ধার্য করেছিলেন।
মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ মে সকালে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা বাসা থেকে বের হলে আসামি স্বপ্না তাকে কৌশলে নিজেদের ঘরে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়।
মেয়েকে খুঁজতে গিয়ে রামিসার মা আসামিদের ঘরের সামনে তার জুতা দেখতে পান। সাড়া না পেয়ে প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে রামিসার খণ্ডিত মরদেহ পাওয়া যায়। বাথরুমের বালতি থেকে পরে তার মাথা উদ্ধার হয়।
৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপ্নাকে আটক করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন। গ্রেপ্তারের পর সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
ঘটনার মাত্র ৫ দিনের মাথায় ২৪ মে পল্লবী থানার এসআই অহিদুজ্জামান চার্জশিট দেন। ১ জুন অভিযোগ গঠনের পর মামলার ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য নেওয়া হয়। মাত্র ১৮ দিনে বিচার শেষ হওয়ায় এ মামলার রায়ের দিকে তাকিয়ে আছে সারা দেশ।