পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আজ রবিবার (৭ জুন) থেকে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে। সকাল থেকেই রাজধানীসহ সারাদেশে শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণ ফিরেছে স্কুল-কলেজে।
২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মের ছুটি গত ২৪ মে শুরু হয়। ছুটি শেষ হয় ৪ জুন। তবে ৫ ও ৬ জুন শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আজ থেকে আনুষ্ঠানিকভাবে পাঠদান শুরু হলো। এতে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা টানা ১৬ দিন ছুটি কাটিয়েছে। ২১ মে ছিল শেষ ক্লাস। ২২ মে থেকে সাপ্তাহিক ছুটি মিলিয়ে মূলত ছুটি শুরু হয়ে যায়।
তবে মাদ্রাসা শিক্ষার্থীদের ছুটি এখনও চলছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসা খুলবে ১৪ জুন রবিবার। ২৪ মে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। এরপর ১২-১৩ জুন শুক্র-শনি সাপ্তাহিক ছুটি শেষে ক্লাস শুরু হবে। ফলে মাদ্রাসা শিক্ষার্থীরা মোট ২৩ দিন ছুটি পাচ্ছে।
জুনে আর বড় ছুটি নেই। পরের ছুটি জুলাইয়ে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমায় একদিন বন্ধ থাকবে। এছাড়া ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেপ্টেম্বরে জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটিও আছে।