রাত পোহালেই হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬। এ ছাড়াও অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে মিরপুর স্টেডিয়ামে। তাই এই চার দিন মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন প্রশিকা সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকবে।
শনিবার (৬ জুন) এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ জুন বাংলাদেশ-অস্ট্রেলিয়া অনুশীলন ম্যাচ ও বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৯ জুন প্রথম ওয়ানডে, ১১ জুন দ্বিতীয় ওয়ানডে এবং ১৪ জুন তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে উল্লেখিত তারিখগুলোতে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন প্রশিকা সড়ক যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে।
ডিএমপি কমিশনার নগরবাসী ও যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছেন। মিরপুর-১ অভিমুখে চলাচলকারী যানবাহনগুলোকে প্রশিকা ক্রসিং-শিয়ালবাড়ি ক্রসিং-রাইনখোলা-ঈদগাহ মাঠ হয়ে মিরপুর-১ এলাকায় চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার।