নওগাঁর সাপাহার সীমান্তে ১৭ জন নারী-পুরুষ-শিশুকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির কড়া অবস্থান ও স্থানীয়দের সহায়তায় ১৯ ঘণ্টা পর শুক্রবার রাত ১টার দিকে তাদের ভারতের ভেতরে ফিরিয়ে নেয় বিএসএফ।

শনিবার (৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি মেইন পিলারের কাছে ৬ পুরুষ, ৬ নারী ও ৫ শিশুসহ ১৭ জন বাংলাভাষীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতের ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের পান্নাছড়া ক্যাম্প। টের পেয়েই জিরো লাইনে কড়া পাহারা বসায় বিজিবি।

প্রত্যক্ষদর্শী কলমুডাঙ্গা গ্রামের এক কৃষক জানান, সারাদিন বিজিবি ওই ১৭ জনকে পাহারা দেয়। রাত ১টার দিকে লাইট বন্ধ করে তাদের জোর করে টেনেহিঁচড়ে ভারতের দিকে নিয়ে যায় বিএসএফ। এ সময় তারা কান্নাকাটি করছিল, ভারতে যেতে চাচ্ছিল না।

লেফটেন্যান্ট কর্নেল মাসুম বলেন, “শুরুতে মানবিক দিক বিবেচনা করে জিরো লাইনে থাকতে দিলেও সন্ধ্যার পর কঠোরভাবে নোম্যান্সল্যান্ডে পাঠিয়ে দিই। রাতে লাইট বন্ধ করে পুশইন করতে ব্যর্থ হয়ে বিএসএফ তাদের ফিরিয়ে নেয়।”

বর্তমানে সীমান্তে বিজিবির টহল জোরদার রয়েছে। বিজিবির দৃঢ় অবস্থানে পুশইন ঠেকায় স্বস্তিতে সীমান্তের মানুষ।