‘চিরদিনই তুমি যে আমার’ গানের সিনেমার পরিচালক বর্ষীয়ান নির্মাতা সুজিত গুহ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মস্তিষ্কে রক্তক্ষরণের পর প্রায় ১৫ দিন আগে তাকে যাদবপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
৭৬ বছর বয়সী এই পরিচালক ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। বয়সজনিত কারণে আগে থেকেই তার অল্পমাত্রার আলঝাইমার ছিল, যা বর্তমানে আরও বেড়েছে।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সুজিত গুহ বর্তমানে আগের তুলনায় কিছুটা ভালো আছেন এবং ধীরে ধীরে সাড়া দিচ্ছেন। তবে স্মৃতিলোপজনিত সমস্যা দেখা দিয়েছে। তিনি নিজের বাড়ি চিনতে না পারার পাশাপাশি হাতেগোনা কয়েকজন প্রিয়জন ছাড়া কাউকে চিনতে পারছেন না।
সঙ্গীত পরিচালক সূর্যজ্যোতি রাজা আনন্দবাজার পত্রিকাকে বলেন, “উনি এখন আগের চেয়ে ভালো আছেন। কিন্তু স্মৃতিশক্তি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”
দাদামণি, অমরসঙ্গী, অমর প্রেম, মনে মানে নাসহ একাধিক জনপ্রিয় সিনেমার পরিচালক ছিলেন সুজিত গুহ। বিশেষ করে অমরসঙ্গী ছবির ‘চিরদিনই তুমি যে আমার’ গান আজও শ্রোতাপ্রিয়। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও বিভিন্ন অনুষ্ঠানে এই গান শোনান।
দীর্ঘদিন ধরে নতুন কোনো সিনেমা পরিচালনা করতে পারেননি সুজিত গুহ। ঘনিষ্ঠদের মতে, কাজ করতে না পারার কষ্ট ও মানসিক চাপ তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। সূর্যজ্যোতি রাজার ভাষ্য, “সবসময় ছবি বানাতে চাইতেন তিনি। তা করতে না পারার যন্ত্রণা মানসিকভাবে দুর্বল করে দেয়, যা শারীরিক অবস্থার ওপরও প্রভাব ফেলতে পারে।”
বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং চিকিৎসকরা আশা করছেন, সঠিক চিকিৎসা ও পরিচর্যায় ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন।
সম্প্রতি আর্টিস্ট ফোরামের একাধিক বৈঠকে তাকে দেখা গিয়েছিল এবং নতুন করে সিনেমা পরিচালনার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছিল। তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সেই পরিকল্পনা আবার অনিশ্চয়তার মুখে পড়েছে।