শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ বিল বাড়বে না।

শনিবার (৬ জুন) সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ডা. জাহেদ বলেন, নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত গ্রাহকেরা এই সিদ্ধান্তে সরাসরি উপকৃত হবেন।

তিনি জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের শুনানির মাধ্যমে বিদ্যুতের দাম সমন্বয় করা হলেও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৬৫ শতাংশ গ্রাহকের জন্য আগের দামই বহাল থাকছে।

একই সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, দুর্নীতি ও মানি লন্ডারিংসহ বিগত সরকারের সময়কার নানা অপরাধের বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। সরকার দুর্নীতির চক্র থেকে দেশকে বের করে এনে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা প্রতিষ্ঠায় কাজ করছে।

মন্ত্রী আরও বলেন, আগের সরকারগুলো আমদানিনির্ভর নীতিকে বেশি গুরুত্ব দিয়েছে। উৎপাদনমুখী নীতি গ্রহণ করা হলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান সংকট তৈরি হতো না।