সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের উদ্যোগে আন্তর্জাতিক সংলাপ প্ল্যাটফর্ম ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ এর পঞ্চম আসর বসছে ঢাকায়। আগামী ৩ থেকে ৫ অক্টোবর তিন দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন।

সিজিএস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এবারের আসরে বিশ্বের ১০০টিরও বেশি দেশের প্রায় ১ হাজার প্রতিনিধি অংশ নেবেন। এতে এটি বাংলাদেশের মাটিতে অন্যতম বৃহৎ আন্তর্জাতিক কৌশলগত ও নীতিনির্ধারণী সংলাপে পরিণত হবে।

সম্মেলনে উচ্চপর্যায়ের পূর্ণাঙ্গ অধিবেশন, নেতৃত্ব পর্যায়ের সংলাপ, বিষয়ভিত্তিক আলোচনা, ফায়ারসাইড কনভারসেশন এবং ইয়াং লিডার্স ফোরাম থাকবে। আলোচনার মূল বিষয়ের মধ্যে রয়েছে আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তি, বাণিজ্য ও সংযোগ, জলবায়ু ও মানব নিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসন এবং বঙ্গোপসাগর অঞ্চলের কৌশলগত গুরুত্ব।

সম্মেলনের বিশেষ আকর্ষণ হবে প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ, বে অব বেঙ্গল লেকচার, উচ্চপর্যায়ের লিডারশিপ ফোরাম এবং ‘বঙ্গোপসাগর: ভূরাজনীতি, সংযোগ ও ভবিষ্যতের নতুন কেন্দ্র’ শীর্ষক অধিবেশন।

আয়োজকদের মতে, বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬ এই অঞ্চলের ভবিষ্যৎ ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা এগিয়ে নিতে ভূমিকা রাখবে। সম্মেলনটি ৫টি থিমকে কেন্দ্র করে হবে। সেগুলো হলো পরিবর্তনশীল ক্ষমতার রাজনীতি, প্রযুক্তির নতুন দিগন্ত, অর্থনীতির নতুন ভূগোল, জলবায়ু ও মানব নিরাপত্তা এবং আস্থা, গণতন্ত্র ও সুশাসনের ভবিষ্যৎ।