মা হওয়ার পর জীবনের রুটিন পুরোপুরি বদলে গেছে বলে জানিয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। চার বছর বয়সী ছেলে নীল কিচলুকে সময় দিয়ে সংসার সামলে অভিনয়ে নিয়মিত হওয়ার চেষ্টা করছেন তিনি।
সম্প্রতি ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন কাজল। শিগগির মুক্তি পাচ্ছে তার অভিনীত হিন্দি সিনেমা ‘দি ইন্ডিয়া স্টোরি’।
পারিশ্রমিক বৈষম্য নিয়ে কাজল বলেন, “পারিশ্রমিকের ক্ষেত্রে বৈষম্য রয়েছে, তা নিয়ে সংশয় নেই। ধীরে ধীরে পরিস্থিতি বদলাচ্ছে। ইন্ডাস্ট্রি এখন অনেক বেশি করপোরেট কাঠামোর মধ্যে এসেছে। তারপরও পুরুষ ও নারী অভিনেতাদের পারিশ্রমিকের ব্যবধান এখনো অনেক বেশি।”
আট ঘণ্টা কর্মদিবসের দাবি প্রসঙ্গে তিনি বলেন, “মা হওয়ার পর আমার অগ্রাধিকার বদলে গেছে, সবকিছু সামলানো চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। আমি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরতে চাই। তাই চুক্তিতেও এমন শর্ত উল্লেখ করি। সাধারণত দিনে একটি শিফটে কাজ করি, যা প্রায় নয় ঘণ্টার। তবে ইন্ডাস্ট্রিতে অনেক সময় এমন কিছু পরিস্থিতি তৈরি হয়, তখন কিছুটা ছাড় দিতে হয়।”
দক্ষিণী ও হিন্দি সিনেমার কাজের পরিবেশ নিয়ে অভিনেত্রী জাহ্নবী কাপুরের মন্তব্যের সঙ্গে একমত পোষণ করে কাজল বলেন, “হ্যাঁ, এটা সত্যি। সাধারণত আমরা নয় ঘণ্টার বেশি কাজ করি না। দক্ষিণী চলচ্চিত্র শিল্পের প্রতি আমি কিছুটা পক্ষপাতদুষ্ট। এখান থেকেই ক্যারিয়ার শুরু। এখানে নিয়মানুবর্তিতা ও সময়নিষ্ঠতার পাশাপাশি নারীদের প্রতি যথেষ্ট সম্মানও রয়েছে। বলিউডে সে স্বাচ্ছন্দ্য পাই না।”
শুটিং সেটে নারী কর্মীর সংখ্যা কম থাকা প্রসঙ্গে তিনি বলেন, “হ্যাঁ, কিছুটা হলেও বিষয়টি সত্য। তবে সংখ্যাটা ধীরে ধীরে বদলাচ্ছে। পরিস্থিতির গ্রাফ ইতিবাচক দিকে ঝুঁকছে। সময়ের সঙ্গে ভারসাম্য তৈরি হবে।”
২০২০ সালের ৩০ অক্টোবর গৌতম কিচলুকে বিয়ে করেন কাজল। ২০২২ সালের ১৯ এপ্রিল পুত্রসন্তান নীলের জন্ম দেন।
কাজলের হাতে বর্তমানে পাঁচটি সিনেমার কাজ রয়েছে। এগুলো হলো—হিন্দি ভাষার ‘দি ইন্ডিয়ান স্টোরি’, ‘রামায়ণ-১’, ‘রামায়ণ-২’, তামিল ভাষার ‘ইন্ডিয়ান থ্রি’ ও ‘এনবিকে ১১১’।