আওয়ামী লীগ সরকারের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে দেশের জনগণ বর্তমানে চাপে রয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (৬ জুন) সকালে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তথ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে আগের সরকারের চুরি এবং অর্থ পাচারের বিশাল বোঝা বর্তমান সরকারকেও বহন করতে হচ্ছে। তবে দুর্নীতির চক্র থেকে বের হয়ে আসা সময়সাপেক্ষ। তিনি দাবি করেন, বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির চাপ থেকে দেশের প্রায় ৬৫ শতাংশ মানুষকে বের করে এনেছে বর্তমান সরকার।

প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, বিইআরসি বিদ্যুতের দাম বাড়ালেও নিম্ন ও অল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে সরকারের বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বৃদ্ধি প্রত্যাহার করা হয়েছে।

তিনি আরও জানান, বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে অকটেন ও পেট্রোলের দাম বাড়ানো হলেও সাধারণ মানুষের যাতায়াত ও পরিবহনের কথা চিন্তা করে দ্বিতীয় দফায় ডিজেলের দাম বাড়ায়নি সরকার।

বিগত সরকারের সমালোচনা করে তথ্য উপদেষ্টা বলেন, তৎকালীন সময়ে কিছু সুনির্দিষ্ট অলিগার্ক বা প্রভাবশালী গোষ্ঠীকে বিশেষ সুবিধা দিতেই দেশের বিদ্যুৎ খাতকে ইচ্ছাকৃতভাবে উৎপাদনমুখী না করে আমদানিনির্ভর করে রাখা হয়েছিল।