দেশের বাজারে সোনার দাম আবারও বড় ধরনের কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা, ২১ ক্যারেট সোনা ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২ জুন সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা করা হয়েছিল। সেই সময় ২১ ক্যারেটের সোনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা প্রতি ভরি।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৭১ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বৃদ্ধি এবং ৩৪ বার দাম হ্রাস করা হয়েছে। অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।