ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, অর্থাৎ বাজেট অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের মিছিল, সমাবেশ, শোভাযাত্রা ও বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে এসব এলাকায় অস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকারক দ্রব্য বহনও নিষিদ্ধ করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী রোববার (৭ জুন) থেকে বাজেট অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশন নির্বিঘ্ন করতে শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা প্রয়োজন। সে কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার (৬ জুন) রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। এ সময়ের মধ্যে নিষিদ্ধ এলাকায় কোনো ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন করা যাবে না। একই সঙ্গে যেকোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকবে।
নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকার মধ্যে রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত সড়ক, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি ১৬ নম্বর সড়কের সংযোগস্থল এবং বেগম রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং। এছাড়া ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এর সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিপথেও এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।