ভূমি মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের রাজস্ব প্রশাসনে কর্মরত কানুনগো, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের সম্পদের হিসাব ২৫ জুনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি জেলা প্রশাসকদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেয় ভূমি মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, আগে উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের সব কর্মচারীর সম্পদের হিসাব চাওয়া হলেও এখন পর্যন্ত তা পাওয়া যায়নি। সহকারী কমিশনার (ভূমি) ছাড়া প্রসেস সার্ভার, অফিস সহায়ক, চেইনম্যান ও নিরাপত্তা প্রহরীদের তথ্যও চাওয়া হয়েছিল।

এবার মন্ত্রণালয় বিশেষভাবে কানুনগো, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের সম্পদের হিসাব নির্ধারিত ছকে ২৫ জুনের মধ্যে পাঠাতে বলেছে। চিঠির সঙ্গে নির্ধারিত ছকও সংযুক্ত করা হয়েছে।