২০২৬ ফিফা বিশ্বকাপে জাতীয় সঙ্গীত পরিবেশনের নিয়মে বড় পরিবর্তন আনছে ফিফা। এতদিন শুধু শুরুর একাদশের খেলোয়াড়রা মাঠে থাকলেও এবার স্কোয়াডের ২৬ জনকেই জাতীয় সঙ্গীতের সময় মাঠে থাকতে হবে।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হচ্ছে ৪৮ দলের বিশ্বকাপ। নতুন নিয়মে জাতীয় সঙ্গীতের সময় দুই দলের সব খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তারা মাঠের মাঝখানের বৃত্তে মুখোমুখি দাঁড়াবেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, এতে ঐক্য ও গর্বের প্রকাশ আরও জোরালো হবে।

উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে। স্বাগতিক মেক্সিকো খেলবে প্রথম ম্যাচ। এবার বিনোদনেও থাকছে চমক। ফাইনালের বিরতিতে সুপার বোলের আদলে হাফটাইম শোতে পারফর্ম করবেন ম্যাডোনা ও শাকিরা। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন শাকিরা ও বার্না বয়। কানাডার ম্যাচের আগে গাইবেন মাইকেল বুবলে ও অ্যালানিস মোরিসেত্তে। যুক্তরাষ্ট্রের ম্যাচে পারফর্ম করবেন ক্যাটি পেরি ও ফিউচার ইন লস অ্যাঞ্জেলস।

মাঠের নিয়মেও আসছে পরিবর্তন। কর্নার কিক ও দ্বিতীয় হলুদ কার্ডে ভিএআর ব্যবহার, গোল কিক ও থ্রো-ইনে সময়সীমা এবং প্রতি অর্ধে তিন মিনিটের ড্রিঙ্কস ব্রেক চালুর পরিকল্পনা করেছে ফিফা।

তিন দেশের যৌথ আয়োজনে ১০৪ ম্যাচের এই আসর বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে।