বলিউড অভিনেতা অক্ষয় কুমার মুম্বাইয়ের বোরিভালি ইস্টের ওবেরয় স্কাই সিটি কমপ্লেক্সে থাকা দুটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করেছেন।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ফ্ল্যাট দুটি থেকে অভিনেতা মোট ৭ কোটি ১০ লাখ রুপি পেয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি ১০ লাখ টাকা।
সম্পত্তি নিবন্ধনসংক্রান্ত প্রতিষ্ঠান সিআরই ম্যাট্রিক্সের তথ্য অনুযায়ী, গত ২ জুন সুবর্ণা রূপেশকুমার সাকপাল নামের এক ক্রেতার কাছে ফ্ল্যাট দুটি হস্তান্তর করা হয়। একই ফ্লোরে থাকা ফ্ল্যাট দুটির মধ্যে ১ হাজার ১০১ বর্গফুটের বড় ফ্ল্যাটটি বিক্রি হয়েছে ৫ কোটি ৭৫ লাখ রুপিতে। এর সঙ্গে দুটি গাড়ি পার্কিংও রয়েছে। ২৫২ বর্গফুটের ছোট ফ্ল্যাটটি বিক্রি হয়েছে ১ কোটি ৩৫ লাখ রুপিতে, যার সঙ্গে একটি পার্কিং যুক্ত।
ওবেরয় স্কাই সিটিতে অক্ষয়ের ফ্ল্যাট বিক্রির ঘটনা নতুন নয়। গত বছর মার্চে একই প্রকল্পের ১ হাজার ৭৩ বর্গফুটের একটি ফ্ল্যাট ৪ কোটি ৩৫ লাখ রুপিতে বিক্রি করেন তিনি। ২০১৭ সালে ২ কোটি ৩৭ লাখ রুপিতে কেনা ফ্ল্যাটটি থেকে সাত বছরে প্রায় ৮৪ শতাংশ মুনাফা হয়েছিল। এ বছরের জানুয়ারিতেও একই প্রকল্পে আরেকটি ফ্ল্যাট ৪ কোটি ২৫ লাখ রুপিতে বিক্রি করেন অক্ষয়।
পর্দার কাজের পাশাপাশি রিয়েল এস্টেটে বিনিয়োগেও বেশ সক্রিয় অক্ষয় কুমার। সম্প্রতি তাকে দেখা গেছে প্রিয়দর্শন পরিচালিত ‘ভূত বাংলা’ সিনেমায়। আগামী ২৬ জুন মুক্তি পাবে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’।
সূত্র: এনডিটিভি