ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে হাসপাতালের লাইসেন্স বাতিল করা হতে পারে।
বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকগুলোর পরিচালক স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
আগামী ৭ জুন বিকাল ৪টার মধ্যে হাসপাতালের মালিক ডা. শেখ মহিউদ্দিনকে জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়, গত ২৭ মে হাসপাতালে ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর পর গঠিত তদন্ত কমিটি চিকিৎসক, নার্স, আয়া ও মৃত শিশুদের পরিবারের বক্তব্য নেয়। তদন্তে উঠে এসেছে, হাসপাতাল পরিচালনায় ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অর্ডিন্যান্স, ১৯৮২’-এর বিধান মানা হয়নি। এই অবহেলার কারণেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে কমিটি হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করেছে।