বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। এ সময় ৮ কেজি ২০০ গ্রাম চোরাই তামার তার উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) ডিএমপির মিডিয়া সেন্টারে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্র (২৫) ও ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলাম (৩২)।

সিটিটিসি জানায়, গত ২২ মে সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে তার চুরি করে রঞ্জন। পরে ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট ৮ কেজি ২০০ গ্রাম তামার তার বিক্রি করে দেন। তার তথ্যে চকবাজারের হোসেনী দালান রোডের গুদাম থেকে তার উদ্ধার করা হয়।

বিটিসিএল শাহবাগ থানায় মামলা করার পর সিটিটিসি ছায়া তদন্ত শুরু করে। সিটিটিসির ধারণা, সচিবালয়ের গুরুত্বপূর্ণ সংযোগের তার চুরির পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত। মূল হোতাদের ধরতে তদন্ত চলছে।