হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হতে পারে বলে জানিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে জাপানের সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলছে। ১৯ জুলাইয়ের মধ্যে চুক্তি হওয়ার কথা থাকলেও সরকার তা আগেই শেষ করতে চায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনিয়ম দূর করে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, দেশের চাহিদা মেটাতে বর্তমানে ১৪টি নয়, ৪৭টি উড়োজাহাজ প্রয়োজন। ১৪টি বোয়িং কিনতে প্রায় ২.১৭ বিলিয়ন ডলার লাগবে, যা আয় থেকে কিস্তিতে পরিশোধ সম্ভব। নতুন বোয়িংয়ের প্রথমটি ২০৩১ সালে পাওয়া যাবে।