বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য করায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় মামলাটি করেন কলকাতা হাইকোর্টের আইনজীবী রিংকু চ্যাটার্জি সিং।

অভিযোগে বলা হয়, মমতা নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং হাদি হত্যা প্রসঙ্গে ভারত সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে মন্তব্য করে আন্তর্জাতিক পর্যায়ে দেশের সম্মান ক্ষুণ্ন করেছেন। এতে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সংকট তৈরি হতে পারে।

মমতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৫২, ১৫৩, ১৫৩(এ), ১৯১, ১৯২, ১৯৬, ৩৫১, ৩৫২, ৩৫৩-সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

আইনজীবী রিংকু জানান, ৮ জুন আদালত খুললেই তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করবেন।

মঙ্গলবার (২ জুন) রাজনৈতিক সভায় মমতা দাবি করেন, হাদি হত্যার আসামিদের এসটিএফ গ্রেপ্তারের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে বিষয়টি গোপন রাখতে বলেছিলেন।

তিনি বলেন, ‘আমি নাম বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। দেশের স্বার্থে ওই নাম বলব না।’