যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে আলোচনার পর ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে। তবে যৌথ বিবৃতিতে শর্ত দেওয়া হয়েছে, হিজবুল্লাহকে হামলা সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং দক্ষিণ লেবানন থেকে সদস্য সরিয়ে নিতে হবে।
বৃহস্পতিবার (৪ জুন) এএফপির খবরে এ তথ্য জানানো হয়।
কূটনৈতিক সম্পর্ক না থাকলেও দুই দেশ নির্দিষ্ট ‘পাইলট জোন’ তৈরিতে একমত হয়েছে। এসব এলাকায় লেবাননের সশস্ত্র বাহিনী একক নিয়ন্ত্রণ নেবে এবং হিজবুল্লাহর উপস্থিতি থাকবে না।
সীমান্তে পাল্টাপাল্টি হামলার মধ্যেই এ সিদ্ধান্ত এলো। বুধবার (৩ জুন) হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলার দাবি করে। একই দিন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৯ জন নিহত হন।
বিবৃতি অনুযায়ী, ২২ জুন বা তার পরবর্তী কয়েক দিনের মধ্যে পূর্ণাঙ্গ চুক্তির লক্ষ্যে পরবর্তী দফার আলোচনা হবে।
হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা মাহমুদ কোমতি জানিয়েছেন, তারা কোনো ‘আংশিক যুদ্ধবিরতি’ মানবেন না। বুধবারও লেবাননের ২০টির বেশি জায়গায় ইসরায়েলি বোমাবর্ষণ হয়েছে।