পরিকল্পিত নগর উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ) প্রতিষ্ঠা করেছে সরকার।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মঙ্গলবার (৩ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬ এর ধারা ৪-এর ক্ষমতাবলে এ কর্তৃপক্ষ গঠন করা হয়েছে এবং সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

নতুন এ কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ এলাকার পরিকল্পিত উন্নয়ন, ভূমি ব্যবহার ব্যবস্থাপনা, আবাসন উন্নয়ন ও নগর অবকাঠামো নির্মাণ-সংরক্ষণের দায়িত্ব পালন করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত নগরায়ণের চ্যালেঞ্জ মোকাবিলায় এনডিএ দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ ও জনসেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে।

প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব অভিজিৎ রায় স্বাক্ষর করেন। এর মাধ্যমে শিল্পনগরী নারায়ণগঞ্জের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।