ফ্যামিলি ও কৃষক কার্ডের পর এবার সবার জন্য হেলথ কার্ড চালু করছে সরকার। আগামী জুলাই থেকে প্রথম ধাপে বগুড়া, সিরাজগঞ্জ, খুলনা, নরসিংদী ও নোয়াখালীতে এ সুবিধা চালু হবে। পরে পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী এ কার্ড চালু হচ্ছে। প্রতিটি কার্ডে থাকবে রোগীর জন্য আলাদা ইউনিক আইডি। কার্ড পাঞ্চ করলেই ডিজিটালি সংরক্ষিত রোগীর চিকিৎসার ইতিহাস জানা যাবে।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রী নিজে এটা দেখভাল করছেন। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই দ্রুত কাজ এগোচ্ছে।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার জানান, এ কার্ডে সরকারি ও নির্ধারিত হাসপাতালে পরীক্ষায় বিশেষ ছাড় এবং বছরে একবার ফ্রি স্বাস্থ্য পরীক্ষার সুবিধা থাকবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন এ উদ্যোগকে স্বাগত জানিয়ে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন।