রাজধানীর পল্লবীতে একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) রাতে সেকশন-৬ এলাকার ওই ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।

পুলিশ জানায়, পারিবারিক বিরোধের কারণে প্রায় ১২ বছর ধরে তিনি ওই ফ্ল্যাটে একাই থাকতেন। তার স্বামী ও দুই সন্তান কানাডায় বসবাস করেন। ধারণা করা হচ্ছে, ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে কোনো এক সময়ে তার মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৬ মে রাতে ভাতিজার সঙ্গে তার ফোনে কথা হয়েছিল।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ জানান, অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

একই এলাকায় সম্প্রতি আরেকটি মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।