জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৮টা ৫১ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে ১৯০টি ভোটের মধ্যে খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি দেশের সমর্থন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকৌরিস পেয়েছেন ৯১ ভোট।

তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ৮১তম অধিবেশনে আগামী এক বছর বৈশ্বিক এই ফোরামের নেতৃত্ব দেবে বাংলাদেশ।

ড. খলিলুর রহমানের এই অর্জনে সংশ্লিষ্টরা তাকে অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবারই ঢাকায় জাতিসংঘে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করতে পারেন পররাষ্ট্রমন্ত্রী।