ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান। তবে এ দাবি সরাসরি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। এতে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
বুধবার (৩ জুন) ইরানের নৌবাহিনী দাবি করে, ওমান উপসাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত অভিযানের নিয়ন্ত্রণকেন্দ্র হিসেবে কাজ করছিল।
ইরানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগের বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে নিয়ম লঙ্ঘন এবং ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন যুদ্ধজাহাজটি ইরানের আঞ্চলিক জলসীমার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল বলে দাবি করে তেহরান। পরিস্থিতি পর্যবেক্ষণের পর সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
ইরান আরও জানিয়েছে, তারা অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তৎপরতার ওপর নজরদারি অব্যাহত রেখেছে এবং প্রয়োজনে আরও পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তারা জানায়, ইরান মিথ্যা তথ্য প্রচার করছে। সমুদ্রে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক সম্পদ নিরাপদ রয়েছে এবং স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করছে।