বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চিত্রনায়ক বাপ্পারাজ। সভাপতি পদে নির্বাচনের আগ্রহ জানালেও শেষ মুহূর্তে পারিবারিক কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বাপ্পারাজের নেতৃত্বে একটি প্যানেল গঠনের প্রক্রিয়া চলছিল। ওই প্যানেলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার কথা ছিল চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তির।
বুধবার (৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বাপ্পারাজের নির্বাচন না করার বিষয়টি নিশ্চিত করেন তিনি।
ফেসবুক পোস্টে মুক্তি লেখেন, “জি, এটা সত্য। বাপ্পারাজ ভাই পারিবারিক কারণে নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। নির্বাচনের আর অল্প কিছুদিন বাকি। তবে আমি ভেঙে পড়ার মতো মানুষ নই। অবশ্যই একজন সৎ ও যোগ্য প্রার্থীকে সভাপতি পদে দাঁড় করাবো, ইনশাআল্লাহ। বাপ্পা ভাইয়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ছিল, আছে এবং থাকবে।”
গণমাধ্যমকে মুক্তি জানান, মঙ্গলবার খুদে বার্তার মাধ্যমে বাপ্পারাজ তাকে সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “বাপ্পারাজ ভাই সরে দাঁড়ানোয় আমাদের প্যানেলের সভাপতি পদে কে প্রার্থী হবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। দুই-এক দিনের মধ্যেই চূড়ান্ত করতে পারব।”
এ বিষয়ে বাপ্পারাজ বলেন, “শিল্পী সমিতি আমার নিজের সংগঠন। আমি সবসময় শিল্পীদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। কিন্তু ব্যক্তিগত ও পারিবারিক কিছু কারণে এবার নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীর জন্য শুভকামনা রইল।”
বাপ্পারাজের সরে দাঁড়ানোয় সভাপতি পদে কে আসছেন তা নিয়ে চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বাধীন ২০২৪-২০২৬ মেয়াদের কমিটির মেয়াদ শেষ হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী তিন মাসের মধ্যে ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।