ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সরাসরি সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (৩ জুন) ‘পড ফোর্স ওয়ান’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে দুই দেশের আলোচনায় খামেনি সরাসরি যুক্ত আছেন এবং দুই পক্ষের সম্পর্ক ইতিবাচকভাবে এগোচ্ছে।
ট্রাম্প বলেন, ‘তিনি অবশ্যই আলোচনায় জড়িত আছেন। আমার মনে হয় সবাই তার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল।’ পরিস্থিতি অনুকূলে থাকলে ভবিষ্যতে খামেনির সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে বলেও ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। ‘সবকিছু কীভাবে এগোয় তার ওপর নির্ভর করবে, তবে কোনো একসময় আমাদের দেখা হতে পারে’, যোগ করেন তিনি।
ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে ট্রাম্প বলেন, ‘ইরান ইতিমধ্যেই পারমাণবিক অস্ত্র না রাখতে সম্মত হয়েছে এবং এটি একটি বড় বিষয়। আমরা তাদের পারমাণবিক অস্ত্র রাখতে দিতে পারি না। ভবিষ্যতে তারা মত পরিবর্তন করতে পারে, কিন্তু আলোচনার ক্ষেত্রে এটিই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
চলমান যুদ্ধবিরতি নিয়ে আশাবাদ জানিয়ে তিনি বলেন, ‘ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগোচ্ছে এবং পরিস্থিতি ইতিবাচক দিকে যাচ্ছে। খুব ভালো কিছু ঘটতে যাচ্ছে।’
হরমুজ প্রণালি অবরোধ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটা হতে পারে, কিন্তু আমি মনে করি সেই সম্ভাবনা কম। আমার ধারণা, এই সমস্যাটির সমাধান খুব দ্রুত হয়ে যাবে।’