বিবাহ বিচ্ছেদ ও মানসিক অবসাদের জেরে আত্মহত্যা করেছেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (এডি) তানভীর হোসাইন শুভ (৪৫)।
মঙ্গলবার (২ জুন) রাতে রাজধানীর মুগদার বাসা থেকে তার অর্ধ গলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ওই রাতেই মুগদা থানায় অপমৃত্যুর মামলা করেন নিহতের ভাই তানিম হোসেইন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বুধবার বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতের ছোট ভাই শৈবাল জানান, ২০১২ সালে বিয়ের তিন মাসের মাথায় তানভীরের ডিভোর্স হয়। এরপর আর বিয়ে করেননি। মুগদার বাসায় তিনি একাই থাকতেন। ঈদের দিনও স্বাভাবিক কথা হয়েছে। কেন আত্মহত্যা করেছেন, তা পরিবার বলতে পারছে না।
বন্ধু আজাদ জানান, ডিভোর্সের পর থেকে তানভীর সবার সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়েছিলেন।
বাড়ির মালিকের বরাতে পুলিশ জানায়, ঈদের দিন শেষবার তাকে দেখা যায়। মঙ্গলবার ঘর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। দরজা ভেঙে একটি কক্ষে গলায় গামছা পেঁচানো অর্ধ গলিত মরদেহ পাওয়া যায়।
মুগদা থানার এসআই বোরহান উদ্দিন ভূঁইয়া সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক অবসাদ ও ডিপ্রেশন থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ডিএমপির সবুজবাগ জোনের এডিসি জাহিদ হাসান বলেন, আত্মহত্যার কারণ জানার চেষ্টা চলছে।