নগরবাসীর যাতায়াত সহজ করতে মেট্রোরেলের রাতের শেষ ট্রেনের সময় ২০ মিনিট বাড়াচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী ৭ জুন, রোববার থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।
বুধবার (৩ জুন) ডিএমটিসিএলের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে। মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে। বর্তমানে উত্তরা থেকে শেষ ট্রেন রাত সাড়ে ৯টায় এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যায়।
ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে একটি অতিরিক্ত ট্রিপ যুক্ত করা হচ্ছে। বিদ্যমান সূচির ধারাবাহিকতায় ২০ মিনিট হেডওয়ে বজায় রেখেই শেষ ট্রেন চলবে। নতুন কোনো ট্রেন যুক্ত হচ্ছে না।
সূত্র জানায়, সময় বাড়ানোর জন্য পরীক্ষামূলক কার্যক্রম শেষ হয়েছে। এক-দুই দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ হবে।
এর আগে গত বছরের অক্টোবরে মেট্রোরেলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছিল। তখন সকালে আধা ঘণ্টা আগে ট্রেন চলাচল শুরু এবং রাতে আধা ঘণ্টা পরে শেষ ট্রেন ছাড়ার সিদ্ধান্ত হয়।
মেট্রোরেলের নিয়মিত এক যাত্রী বলেন, অফিস শেষে শেষ ট্রেন ধরতে প্রায়ই দৌড়াতে হয়। ২০ মিনিট বাড়লে খুব উপকার হবে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা-আগারগাঁও রুটে মেট্রোরেল চালু হয়। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর থেকে মতিঝিল পর্যন্ত পুরো রুটে যাত্রী চলাচল শুরু হয়। কমলাপুর স্টেশন চালু হলে এমআরটি লাইন-৬ এর পূর্ণাঙ্গ কার্যক্রম সম্পন্ন হবে।