কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।

বুধবার (৩ জুন) কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ ঘটনায় আরও কয়েকজন বিদেশি নাগরিক আহত ও একজন নিহত হয়েছেন।

দূতাবাস জানায়, পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক সংকটের প্রেক্ষাপটে কুয়েতের আকাশসীমায় সম্প্রতি একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের হামলায় আহত বাংলাদেশিদের ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূতাবাস তাদের শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ রাখছে।

কুয়েতে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে, কুয়েত সরকারের নির্দেশনা অনুযায়ী রকেট বা ড্রোন হামলার দৃশ্যের ছবি-ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার দণ্ডনীয় অপরাধ। তাই স্থানীয় আইন মেনে চলার অনুরোধ করা হয়েছে।

এদিকে কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দেওয়ায় সক্ষম প্রবাসী বাংলাদেশিদের রক্তদানের আহ্বান জানিয়েছে দূতাবাস।