২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের প্রকাশিত প্রতিবেদনের তথ্যে পূর্ণ আস্থা জানিয়েছে জাতিসংঘ।
সোমবার (১ জুন) নিউইয়র্কে সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে সংস্থার মুখপাত্র স্টিফেন দুজারিক এ অবস্থান পুনর্ব্যক্ত করেন।
ব্রিফিংয়ে জানানো হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও দলটির পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানে নিহতের সংখ্যাসহ প্রতিবেদনের বেশ কিছু তথ্য নিয়ে আপত্তি তোলা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে জাতিসংঘকে চিঠিও দিয়েছেন। এসব আপত্তির জবাবে দুজারিক বলেন, মানবাধিকার দপ্তরের প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহের কোনো কারণ নেই।
উল্লেখ্য, জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে শেষ হওয়া জুলাই গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছিলেন। সহিংসতার তদন্ত শেষে মানবাধিকার দপ্তর এই প্রতিবেদন প্রকাশ করে।
ব্রিফিংয়ে বাংলাদেশ থেকে অর্থ পাচারের বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন, সদস্য রাষ্ট্র থেকে অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার উন্নয়নের পথে বড় বাধা। জনগণের অর্থ তাদের কাছে ফিরিয়ে দিতে জাতিসংঘ আন্তর্জাতিক সহযোগিতাকে উৎসাহিত করে।