দেশে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বুধবার (৩ জুন) নতুন মূল্যহার ঘোষণা করা হয়।

নতুন দরে পাইকারি বিদ্যুতের দাম ১ টাকা ৩৯ পয়সা বেড়ে ইউনিটপ্রতি ৭ টাকা থেকে ৮ টাকা ৩৯ পয়সা হয়েছে, যা ১৯.৮৫ শতাংশ বৃদ্ধি। গ্রাহক পর্যায়ে গড়ে ১ টাকা ৫২ পয়সা বেড়ে ৯ টাকা ১১ পয়সা থেকে ১০ টাকা ৬৩ পয়সা হয়েছে, বৃদ্ধির হার ১৬.৬৮ শতাংশ।

গত মে মাসে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী কোম্পানিগুলো দাম বাড়ানোর আবেদন করেছিল। তবে ২০ ও ২১ মের গণশুনানিতে ভোক্তা অধিকারকর্মী, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা এর বিরোধিতা করেন। বিইআরসির কারিগরি কমিটি গড়ে ১ টাকা ২৫ পয়সা বাড়ানোর সুপারিশ করেছিল।

এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের দাম ৬ টাকা ৭০ পয়সা থেকে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল।