ভারতের রাজধানী দিল্লির মালাব্য নগরের পাঁচতলা ‘মিকাসা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জন নিহত হয়েছেন।

বুধবার (৩ জুন) সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে হোটেলের বেসমেন্টের রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়।

এনডিটিভি জানায়, নিহতদের বড় অংশ চিকিৎসার জন্য ভারতে আসা বিদেশি নাগরিক। দুর্ঘটনার সময় হোটেলে প্রায় ৪০ জন অতিথি ছিলেন। সকালবেলা হওয়ায় অনেকেই ঘুমন্ত ছিলেন। জীবন বাঁচাতে কয়েকজন জ্বলন্ত ভবন থেকে লাফিয়ে পড়েন।

দিল্লি ফায়ার সার্ভিস জানায়, সংকীর্ণ রাস্তার কারণে শুরুতে উদ্ধারে বেগ পেলেও দ্রুত কাজ শুরু হয়। হোটেলের প্রধান বাবুর্চি কেসর সিং নেগি বলেন, রান্নাঘরে বৈদ্যুতিক চুলা চালু করতেই হঠাৎ আগুন ধরে যায় এবং দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাকে ‘মর্মান্তিক’ বলে নিহতদের পরিবারকে ২ লাখ ও আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছেন। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা শোক প্রকাশ করে জানান, ফায়ার সার্ভিস, পুলিশ ও অন্যান্য সংস্থা দ্রুত উদ্ধার কাজ চালিয়ে বেশ কয়েকজনকে সরিয়ে নিয়েছে। ক্ষতিগ্রস্তদের সব ধরনের চিকিৎসা ও সহায়তা দেওয়া হচ্ছে।