প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে জাপানের ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর প্রতিনিধিদল। বুধবার (৩ জুন) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিনিয়োগবান্ধব নীতি অনুসরণ করা হচ্ছে এবং বিদেশি বিনিয়োগে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে। বিনিয়োগকারীদের জন্য অনুমোদন প্রক্রিয়া সহজ করতে ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

মিতসুই প্রতিনিধিদলে ছিলেন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিইও মাকাতো সাতো, চিফ স্ট্র্যাটেজি অফিসার তাকানোবু মুরায়ামা, মিতসুই বাংলাদেশের কান্ট্রি চেয়ারপারসন কেনইচিরো কাওয়ামোতো এবং ঢাকা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান।