ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ‘গরু আমাদের মা। গোমাতা আমাদের রাষ্ট্রমাতা। এর জন্য কোনো আনুষ্ঠানিক ঘোষণার প্রয়োজন নেই।’

সোমবার (২ জুন) এক সরকারি অনুষ্ঠানে তিনি বলেন, ভারতীয় ঐতিহ্যে গরু মা হিসেবে পূজনীয়। গোমাতাকে ‘পশু’ বললে বুঝতে হবে মানসিকতাই পাশবিক। মুসলিম ধর্মীয় নেতাদের উচিত অনুসারীদের গোমাতার প্রতি অসম্মান না করার বিষয়ে সতর্ক করা।

সম্প্রতি জমিয়ত উলেমা-এ-হিন্দের সভাপতি মৌলানা আরশাদ মাদানিসহ কিছু মুসলিম সংগঠন গরুকে ‘জাতীয় পশু’ ঘোষণার দাবি তোলেন। সেই প্রসঙ্গে যোগী বলেন, ‘মায়ের সম্মান রক্ষার কথা কোনো সন্তানকে শিখিয়ে দিতে হয় না। এ দেশের মানুষ নিজের মা ও গরুকে সমান শ্রদ্ধা করেন। যারা গরুকে পশু বলেন, তারা গো-হত্যাকেই সমর্থন করেন।’

অনুষ্ঠানে তিনি পাকিস্তান থেকে বাস্তুচ্যুত ১ হাজার ৬৪৫টি পরিবার, প্রাক্তন সৈনিক ও ইজারাদারদের মধ্যে জমির মালিকানার সনদ বিতরণ করেন। যোগী বলেন, দেশভাগের সময় ধর্মীয় চরমপন্থার কারণে নিরীহ হিন্দু-শিখদের গণহত্যা করে সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছিল। কয়েক দশক পর সেই বাস্তুচ্যুত পরিবারগুলোর চতুর্থ প্রজন্ম জমির মালিকানা পাচ্ছে। উত্তর প্রদেশ সরকার জানিয়েছে, এতে প্রায় ৮ থেকে ১০ হাজার সদস্য উপকৃত হবেন।