মিরপুরে বৃদ্ধা নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বুধবার (৩ জুন) সকালে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। বাবা-মায়ের ভরণ-পোষণ সংক্রান্ত আইন কার্যকর থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার নৈতিক দায়বদ্ধতার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এ কে এম আনিসুর রহমান বর্তমানে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত রোববার (৩১ মে) মিরপুর-১১ এলাকার ফ্ল্যাট থেকে ৯৯৯-এ ফোন পেয়ে নুরজাহান বেগমের পচা-গলা মরদেহ উদ্ধার করে পুলিশ। মায়ের সঙ্গে একই বাসায় থাকলেও মেয়ে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাননি।

প্রতিবেশীদের অভিযোগ, নুরজাহান বেগম দীর্ঘদিন একা থাকতেন। তার দুই ছেলে আলাদা থাকতেন এবং মায়ের সঙ্গে যোগাযোগ ছিল না। অপর ছেলে এ কে এম আশিকুর রহমান বুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে।