দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলকে একটি অভিন্ন নীতিমালার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার (৩ জুন) দ্যা আগা খান একাডেমি ঢাকা পরিদর্শনকালে তিনি বলেন, শিক্ষার মান, পাঠদানের গুণগত উৎকর্ষ, শিক্ষার্থীদের নিরাপত্তা, জবাবদিহিতা ও জাতীয় স্বার্থ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যেখানে বাংলা মাধ্যম, ইংলিশ ভার্সন কিংবা ইংলিশ মিডিয়াম যে ধারাতেই শিক্ষার্থী পড়ুক না কেন, সবাই সমানভাবে জাতীয় মূল্যবোধ, নাগরিক দায়িত্ববোধ এবং আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের সুযোগ পাবে।’

তিনি আরও বলেন, ‘আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে আজকের শিক্ষার্থীরা। তাই তাদের বিশ্বমানের দক্ষতা, মূল্যবোধ ও সৃজনশীলতা দিয়ে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।’

পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন। একাডেমির আধুনিক শিক্ষা পদ্ধতি ও শিক্ষার্থী-কেন্দ্রিক কার্যক্রমের প্রশংসা করে দেশের অন্যান্য প্রতিষ্ঠানেও গবেষণা ও সৃজনশীল শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান।

এ সময় একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।