রাজধানীর আদাবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান সাকিবকে অপহরণের ঘটনায় চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে শ্যামলী বাসস্ট্যান্ড এলাকায় দেশীয় অস্ত্র দেখিয়ে সাকিবকে অপহরণ করে চক্রটি। তাকে গলিতে নিয়ে মোবাইল-মানিব্যাগ কেড়ে নেয় এবং পরিবারের কাছে বিকাশে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় টহল পুলিশ দেখে ভুক্তভোগী চিৎকার দিলে মূল পরিকল্পনাকারী জাহিদকে আটক করা হয়। পরে তার তথ্যে আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন: জাহিদ হোসেন, হোসাইন আহম্মদ ওরফে সিফাত, ইয়াছিন ওরফে আজমান, আরিফুল ইসলাম, মাহিম চৌধুরী আকাশ, সাকিব, সোহেল রানা, মো. নাঈম ও মো. মর্তুজা তামিম। মূল মাস্টারমাইন্ড জাহিদসহ দুজনের নামে আগে দুটি করে মামলা রয়েছে।

ফজলুল করিম বলেন, চক্রটি আদাবর-মোহাম্মদপুর এলাকায় ভোরে একা থাকা ব্যবসায়ীদের টার্গেট করে অপহরণ করতো। ভুক্তভোগীর মোবাইল দিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিকাশে টাকা এনে ক্যাশআউট করে পালিয়ে যেতো।

৯ জনের বিরুদ্ধে আদাবর থানায় মামলা হয়েছে। রিমান্ডে নিয়ে চক্রের অন্য সদস্য ও আরও ঘটনা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।