আগামী ৭ জুন বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে বিসিবি নির্বাচন আয়োজনে আর কোনো আইনি বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা।

বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ও শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

এর আগে মঙ্গলবার ৬ জন কাউন্সিলর তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।

গত ১৬ মে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন–২০২৬ এর তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়। ৭ জুন নির্বাচন ও ফলাফল ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়। ১৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে আরও দুজন পরিচালক হবেন। ২৫ পরিচালকের ভোটে একজন সভাপতি নির্বাচিত হবেন।

বিসিবির নির্বাচন কমিশনের নেতৃত্বে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম। কমিশনের অন্য দুই সদস্য হলেন গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার ও এনএসসির পরিচালক এ বি এম এহসানুল মামুন। কমিশন গঠিত হয় গত ১৩ মে।