জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী নির্বাচিত হওয়া দেশের মানুষের জন্য বড় গর্বের এবং এটি বাংলাদেশের গণতন্ত্রের বিজয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বুধবার (৩ জুন) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। শামা ওবায়েদ বলেন, “শুধু জাতিসংঘ নয়, বরং সারা বিশ্বেরই বাংলাদেশের ওপর গভীর আস্থা রয়েছে। জাতিসংঘের এই নির্বাচন সেই আন্তর্জাতিক আস্থারই সবচেয়ে বড় প্রমাণ।” একই সঙ্গে তিনি দাবি করেন, এই বড় অর্জন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ধারাবাহিক ও দূরদর্শী কূটনৈতিক প্রচেষ্টারই সফল প্রতিফলন।

পশ্চিমবঙ্গের নির্বাচনে পরাজিত এক প্রার্থীর মন্তব্যকে কেন্দ্র করে সাংবাদিকরা ‘হাদী হত্যাকাণ্ড’ নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তা নাকচ করে দেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে পরাজিত প্রার্থী হাদী হত্যা নিয়ে কী মন্তব্য করেছেন, তা বাংলাদেশের আমলে নেওয়ার মতো কোনো বিষয় নয়। তবে বাংলাদেশ সরকার এই হত্যাকাণ্ডের ব্যাপারে অত্যন্ত সচেতন এবং হাদী হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকার সম্পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ।

নতুন সরকারের প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে জানতে চাওয়া হলে শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, “ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন বন্ধুভাবাপন্ন দেশ থেকে দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ এসেছে। তবে প্রধানমন্ত্রী প্রথম কোন দেশে সফরে যাবেন, সেই চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিজেই গ্রহণ করবেন।”

চলমান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির দিকে ইঙ্গিত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মিয়ানমার সীমান্তে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা উসকানি মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সর্বোচ্চ সতর্ক ও কঠোর অবস্থানে থাকার সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।