ক্রীড়া প্রতিবেদক | বিশ্বকাপ ফুটবল মাঠে গড়াতে বাকি আর মাত্র দুই সপ্তাহেরও কম সময়। ঠিক এমন মুহূর্তে বিশ্বমঞ্চের উত্তেজনা ছাপিয়ে বড় হয়ে দেখা দিয়েছে ‘ইবোলা’ ভাইরাসের আতঙ্ক। আর এই স্বাস্থ্যঝুঁকির জের ধরেই বাতিল হয়ে গেছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো) এবং চিলির মধ্যকার হাইভোল্টেজ আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি।
আগামী ৯ জুন স্পেনের কাদিজ প্রদেশের ‘এস্তাদিও মিউনিসিপাল দে লা লিনিয়া দে লা কনসেপসিওন’ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গত মঙ্গলবার আয়োজক শহরের মেয়র হুয়ান ফ্রাঙ্কো আনুষ্ঠানিকভাবে ম্যাচটি বাতিলের ঘোষণা দেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল মুন্দো’র প্রতিবেদন অনুযায়ী, আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের দেওয়া একটি রিপোর্টের ভিত্তিতেই এই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সিটি কাউন্সিলের স্বাস্থ্যসেবা বিভাগও ম্যাচটি আয়োজন না করার জন্য জোরালো সুপারিশ করেছিল। তাদের রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়, বর্তমান পরিস্থিতিতে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি এড়াতে ম্যাচটি আয়োজন করা কোনোভাবেই উচিত হবে না।
শহরের মেয়র হুয়ান ফ্রাঙ্কো হতাশা ব্যক্ত করে বলেন:
“আমাদের শহরের জন্য ম্যাচটি অত্যন্ত আকর্ষণের ছিল। এটি বাতিল করতে হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে কঙ্গোর বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নেই। তাই জনস্বার্থের কথা বিবেচনা করে এই সিদ্ধান্তকে বিচক্ষণ বলতেই হচ্ছে।”
বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে ম্যাচটি খেলতে মুখিয়ে ছিল চিলি। এমনকি তারা দর্শকশূন্য গ্যালারিতে ম্যাচটি আয়োজনের বিকল্প প্রস্তাবও দিয়েছিল। চিলির ম্যানেজার ফিলিপ কোরিয়ে এক বিবৃতিতে বলেন, “আমরা কঙ্গো ফুটবল ফেডারেশন, ম্যাচ আয়োজক এবং স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছিলাম যাতে দর্শক ছাড়াই ম্যাচটি মাঠে গড়ানো যায়। কঙ্গো দল ইতোমধ্যে সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছে। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে আমরা ম্যাচটি খেলতে চেয়েছিলাম।” তবে শেষ পর্যন্ত স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় সেই প্রস্তাবও আর আলোর মুখ দেখেনি।
ইতিহাসে এবারই প্রথম ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ডিআর কঙ্গো। কিন্তু ইবোলা প্রাদুর্ভাবের কারণে তাদের বিশ্বকাপ প্রস্তুতি শুরুতেই ধাক্কা খায়। গত মাসে দেশের মাটিতে পূর্বনির্ধারিত প্রস্তুতি শিবির বাতিল করতে বাধ্য হয় তারা। বর্তমানে বেলজিয়ামে অবস্থান করে অনুশীলন সারছে কঙ্গো দল।
বিশ্বকাপে ‘কে’ গ্রুপে খেলবে ডিআর কঙ্গো। আগামী ১৭ জুন পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের ঐতিহাসিক বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর ২৩ জুন কলম্বিয়া এবং ২৭ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে আফ্রিকান দলটি। তবে মাঠের লড়াই শুরুর আগেই এই ইবোলা আতঙ্ক দলটির মানসিক প্রস্তুতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।