অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকা: দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পাহাড় আরও বড় হয়েছে। মাত্র তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা। এর ফলে চলতি বছরের মার্চ প্রান্তিক শেষে ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে রেকর্ড ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকারও বেশি।
গত মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এই উদ্বেগজনক তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২০২৫ সালের ডিসেম্বর শেষেও ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৬ হাজার ৫১৩ কোটি টাকা। যা মাত্র তিন মাসের ব্যবধানে, অর্থাৎ ২০২৬ সালের মার্চ শেষে এসে দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকায়।
অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংক খাতে সুশাসনের ঘাটতি এবং বড় ঋণখেলাপিদের ছাড় দেওয়ার সংস্কৃতির কারণেই খেলাপি ঋণের অঙ্ক জ্যামিতিক হারে বাড়ছে। মাত্র তিন মাসে সাড়ে ৩১ হাজার কোটি টাকার খেলাপি ঋণ বৃদ্ধিকে সামগ্রিক অর্থনীতির জন্য বড় ধরনের অশনিসংকেত বলে মনে করছেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।