মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রান বন্যার দিনে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১০৭ রানের বিশাল জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই জয়ে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে আরেকধাপ এগিয়ে গেল ঐতিহ্যবাহী ক্লাবটি। তবে মোহামেডানের জয়ের দিনেও ক্রিকেটপ্রেমীদের মূল আকর্ষণ কেড়ে নিয়েছেন রূপগঞ্জের তরুণ ব্যাটার হাবিবুর রহমান সোহান। জাতীয় দলের দুই তারকা পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানার ওপর রীতিমতো টর্নেডো চালিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়া সিরিজের আগে এটিই ছিল তাসকিন-নাহিদের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। আর এই ম্যাচেই তাদের পাড়ার বোলার বানিয়ে ছাড়েন সোহান। তাসকিনের এক ওভারে (০, ০, ৬, ৪, ৪, ৬) তুলে নেন ২০ রান। পরের ওভারে তরুণ গতি তারকা নাহিদ রানাকে পেয়ে আরও রুদ্রমূর্তি ধারণ করেন তিনি; ওড়ান ৪, ৬, ০, ৬, ৬, ৪ এক ওভারেই আসে ২৬ রান!
ঝুঁকিপূর্ণ ও ব্যাকরণসম্মত শটের মিশ্রণে মাত্র ১৫ বলে ফিফটি স্পর্শ করেন এই ডানহাতি ব্যাটসম্যান। এর মাধ্যমে পারভেজ হোসেন ইমনের রেকর্ড ছুঁয়ে বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে যৌথভাবে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন সোহান। শেষ পর্যন্ত ২৭ বলে ৫৯ রান (৬ চার ও ৫ ছক্কা) করে তাইবুরের বলে এলবিডব্লিউ হন তিনি। বল হাতে নাহিদ রানা ৪টি উইকেট পেলেও ৭ ওভারে খরচ করেন ৭১ রান। আর তাসকিন ৪ ওভারে ৫১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
এর আগে, প্রথমে ব্যাটিং করতে নেমে তাওহীদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ৫ উইকেটে ৩৩৯ রানের পাহাড় গড়ে মোহামেডান। জবাবে সোহানের ঝোড়ো শুরুর পরও ২৩২ রানেই গুটিয়ে যায় রূপগঞ্জ।
গুলশানকে উড়িয়ে দিল আবাহনী:
দিনের আরেক ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ১৭৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবকে। প্রথমে ব্যাট করে মাহিদুল ইসলাম অঙ্কনের ১০২ রানের (৯৫ বল, ৮ চার ও ৬ ছক্কা) ওপর ভর করে ৫ উইকেটে ৩১৫ রান সংগ্রহ করে আবাহনী। জবাবে গুলশান ক্রিকেট ক্লাব মাত্র ১৪২ রানেই অলআউট হয়ে যায়।
তানজিদ-দিপুর জোড়া সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের জয়:
ব্রাদার্স ইউনিয়নকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৫৫ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাটিংয়ে নেমে তানজিদ হাসান তামিমের ১১৯ এবং শাহাদাত হোসেন দিপুর ১০৫ রানের জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩৫৯ রানের বিশাল পুঁজি পায় প্রাইম ব্যাংক। জবাবে ব্রাদার্স ইউনিয়ন ২১ ওভারে ৫ উইকেটে ৮৬ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে গেলে ডিএল মেথডে জয়ী ঘোষিত হয় প্রাইম ব্যাংক।