আন্তর্জাতিক ডেস্ক: ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে মার্কিন-ইসরায়েলি স্বার্থসংশ্লিষ্ট কার্গো জাহাজ ‘এমএসসি সারিস্কা’তে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। মঙ্গলবার (২ জুন) আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইআরজিসি জানায়, গত শুক্রবার আন্তর্জাতিক জলসীমায় থাকা অবস্থায় ইরানের মালবাহী জাহাজ ‘লিয়ান স্টার’-এর ইঞ্জিন কক্ষ লক্ষ্য করে এজিএম-১১৪ হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন একটি বিমান। মার্কিন বাহিনীর এই আগ্রাসী ও বিশ্বাসঘাতকতামূলক হামলার কারণে জাহাজটি অচল হয়ে পড়ে। তেহরান এই ঘটনাকে ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সামুদ্রিক সন্ত্রাসবাদ’ বলে আখ্যা দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, লিয়ান স্টারের ওপর হামলার কড়া প্রতিক্রিয়া হিসেবেই এই পাল্টা অভিযান পরিচালনা করা হয়েছে। ইরাকের জলসীমার নিকটবর্তী এলাকায় পানামার পতাকাবাহী ‘এমএসসি সারিস্কা’ জাহাজটিকে লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হলে সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।
এই ঘটনার পর পারস্য উপসাগর ও ওমান সাগর অঞ্চলে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আইআরজিসি নৌবাহিনী কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালির ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং এই অঞ্চলে মার্কিন বা বিদেশি সামরিক বাহিনীর যেকোনো নতুন আগ্রাসনের জবাব অত্যন্ত দৃঢ় ও তাৎক্ষণিকভাবে দেওয়া হবে।