শিরোপা ধরে রাখার মিশনে নামার আগেই দুশ্চিন্তায় ছিল আর্জেন্টিনা শিবির — বিশ্বকাপের শুরুতে লিওনেল মেসিকে পাওয়া যাবে কি না। সব শঙ্কা উড়িয়ে দিয়ে প্রথম ম্যাচেই মাঠে নামছেন আর্জেন্টাইন মহাতারকা।

মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তিনি জানান, ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচের একাদশেই থাকবেন মেসি।

৩৮ বছর বয়সী মেসির ফিটনেস নিয়ে কোচ লিওনেল স্কালোনি বরাবরই সতর্ক। ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে মৌসুমের শেষ দিকে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি। বড় চোট না হলেও তখনই গুঞ্জন ওঠে, গ্রুপ পর্বের শুরুতে হয়তো বিশ্রামে থাকবেন মেসি।

সেই শঙ্কা কাটিয়ে মেসি প্রথম ম্যাচে খেললেও কতক্ষণ মাঠে থাকবেন সেটা এখনও স্পষ্ট নয়।

বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মেসি থাকবেন কি না, সে ব্যাপারে এখনও কিছু জানায়নি আর্জেন্টিনা দল।