বিতর্কের মুখে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় বড় রদবদল এনেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
মঙ্গলবার (২ জুন) সংশোধিত প্রজ্ঞাপন জারি করে আজীবন সম্মাননা ও সেরা চিত্রনাট্য বিভাগে পরিবর্তন আনা হয়েছে।
গত ২৯ জানুয়ারির প্রজ্ঞাপনে আজীবন সম্মাননার জন্য তারেক মাসুদ ও আবদুল লতিফ বাচ্চুর নাম ঘোষণা করা হয়েছিল। নীতিমালা অনুযায়ী এই সম্মাননা কেবল জীবিত ব্যক্তিদের দেওয়ার নিয়ম থাকায় বিতর্ক তৈরি হয়। নতুন প্রজ্ঞাপনে তাদের চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য মরণোত্তর পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
২০২৩ সালের আজীবন সম্মাননা যৌথভাবে পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম ও চলচ্চিত্র সম্পাদক ফজলে হক। জুরি বোর্ডের শুরুর সুপারিশেই শবনমের নাম ছিল বলে জানিয়েছে সূত্র।
এছাড়া সেরা চিত্রনাট্য বিভাগে জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ‘রক্তজবা’ সিনেমার জন্য ঘোষিত নিয়ামুল মুক্তার নাম বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে প্রকৃত চিত্রনাট্যকার তাসনীমুল হাসানকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।
২৯ জানুয়ারি পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণার পর কয়েকটি ক্যাটাগরি নিয়ে প্রশ্ন ওঠায় পুরো তালিকা রিভিউ করে মন্ত্রণালয়। মার্চে জুরি বোর্ডের সদস্যদের সঙ্গে মৌখিক মতামতও নেওয়া হয়।